নিউমার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জনের মৃত্যুতে প্রশ্নের মুখে অগ্নিনিরাপত্তা!
বার্তা ডেস্কঃ
কলকাতা নিউমার্কেট এলাকার একটি বহুতল হোটেলে গভীর রাতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। কলকাতা পুলিশ আনুষ্ঠানিকভাবে ৭ জন মৃতের পরিচয় নিশ্চিত করেছে, যার মধ্যে ৫ জনই বাংলাদেশি নাগরিক। বাকি দুজনের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিহত বাংলাদেশি নাগরিকরা সকলেই চিকিৎসার প্রয়োজনে কলকাতায় এসে ওই হোটেলে অবস্থান করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন—আকরাম আলি (৭৪), দেবাশিস দত্ত (৩৯), আফশানা শরমিন (২৭) এবং দেবাশিসের মাত্র ২ বছর ৮ মাস বয়সী সন্তান স্বর্ণাশিস দত্ত। এ ছাড়া বাবু আহমেদ (৩৭) নামে আরও এক বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় নিহতদের মধ্যে রয়েছেন বিহারের বাসিন্দা সন্দীপ পাসওয়ান (১৯) এবং শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)।
বুধবার রাত দুটো নাগাদ ঘনবসতিপূর্ণ ওই হোটেলটিতে হঠাৎ আগুন লেগে যায়। গভীর রাতে ঘুমন্ত অতিথিদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও, বিষাক্ত ধোঁয়ায় অনেকে সংজ্ঞা হারিয়ে ফেলেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ৭ জনকে মৃত ঘোষণা করেন। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে দমকলের প্রাথমিক অনুমান।
ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, ভবনটি অত্যন্ত জীর্ণ অবস্থায় ছিল এবং কোনো ফায়ার সেফটি নিয়ম মানা হয়নি। উপযুক্ত অগ্নিসুরক্ষা ব্যবস্থা না থাকা সত্ত্বেও কীভাবে হোটেলটি চালানোর ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।