অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিরাট স্বস্তি অভিষেকের, বাড়িতে এসে KYC করবে ব্যাঙ্ক!
বার্তা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ক্রেডিট কার্ড ব্লক করার মামলায় বড় মোড় এল কলকাতা হাইকোর্টে। কোনো পূর্ব সতর্কবার্তা বা লিখিত কারণ ছাড়াই ব্যাঙ্কের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সাংসদ। শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেন। অনলাইন ব্যবস্থার যুগে ২০২৬ সাল পর্যন্ত কেওয়াইসি-র মেয়াদ থাকা সত্ত্বেও কেন গ্রাহককে সশরীরে ব্যাঙ্কে যেতে বাধ্য করা হল, তা নিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করে আদালত মন্তব্য করে যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ হয়তো অভিষেকের মুখ দেখতে চাইছে।
বিচারপতির এই কড়া মনোভাবের মুখে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আদালতে ভর্ৎসনা খাওয়ার পর তারা জানায়, কেওয়াইসি সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে তারা সাংসদের বাসভবনেই যেতে প্রস্তুত। এর ফলে ব্যাঙ্কে সশরীরে হাজির হওয়ার বাধ্যবাধকতা কেটে গিয়ে বড়সড় সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। পুরো প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথি ব্যাঙ্কের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই হাইপ্রোফাইল মামলার পরবর্তী শুনানির দিন আগামী সোমবার ধার্য করেছে কলকাতা হাইকোর্ট।