এক বালতি জলের জন্য হাহাকার, ময়নাগুড়ির ভয়াবহ সংকটের নেপথ্যে কী?

বার্তা ডেস্কঃ

তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের তীব্র সংকটে জর্জরিত হয়ে পড়েছেন ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নেতাজীপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত প্রায় ১৫ দিন ধরে এলাকার একাধিক পরিবারে পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি রাস্তার ধারে থাকা পাবলিক স্ট্যান্ড পোস্টগুলো থেকেও মিলছে না নিয়মিত জল। তীব্র গরমের মাঝে দীর্ঘদিন ধরে জল না মেলায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। অনেকের পক্ষেই কিনে জল খাওয়া সম্ভব হচ্ছে না, ফলে দৈনন্দিন কাজকর্ম চালাতে গিয়ে কালঘাম ছুটছে বাসিন্দাদের।

সংকটের খবর জানতে পেরে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এগিয়ে এলেন ময়নাগুড়ি পুরসভার নির্দল কাউন্সিলর তুহিনকান্তি চৌধুরী। উদ্যোগ নিয়ে তিনি এলাকায় দ্রুত ৬ হাজার লিটার পানীয় জল পাঠানোর ব্যবস্থা করেন। কাউন্সিলর জানিয়েছেন, দু’বারে ৩ হাজার লিটার করে জল পাঠানো হয়েছে যাতে বিপদে পড়া মানুষগুলো কিছুটা হলেও রেহাই পান। পুরসভার এই জল পৌঁছানোয় আপাতত সাময়িক স্বস্তি পেয়েছেন নেতাজীপাড়ার বাসিন্দারা। তবে অস্থায়ী ত্রাণে ক্ষান্ত না থেকে, দীর্ঘমেয়াদি এই দুর্ভোগ মেটাতে এলাকায় দ্রুত স্বাভাবিক জল সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *