ব্যান্ড বাজিয়ে নজিরবিহীন উল্লাস শান্তিপুরে, পদত্যাগ করলেন পুরপ্রধান ও উপ-পুরপ্রধান!
বার্তা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে বকেয়া বেতন এবং পরিচয়পত্রের দাবিতে কর্মবিরতি চালাচ্ছিলেন শান্তিপুর পুরসভার সাফাই কর্মীরা। অভিযোগ, বারবার আশ্বাস মিললেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যায়নি, এমনকি পুরপ্রধান সুব্রত ঘোষ তাঁদের সঙ্গে আলোচনায় বসতেও অস্বীকার করেন। আন্দোলনের চরম পর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা পুরসভা ভবনে মৃত কুকুর ও পচা আবর্জনা ছড়িয়ে প্রতিবাদ জানান। লাগাতার তিন দিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ ও উপ-পুরপ্রধান কৌশিক প্রামাণিক পদত্যাগ করতে বাধ্য হন।
এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার পুরসভা চত্বরে উল্লাসে ফেটে পড়েন সাফাই কর্মীরা। ধামসা-ঢাক ও ব্যান্ড পার্টি বাজিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান তাঁরা। উল্লাসের পাশাপাশি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ছড়িয়ে রাখা সমস্ত আবর্জনা নিজের হাতেই পরিষ্কার করে দেন সাফাই কর্মচারীরা। নেতৃত্ব পরিবর্তনের এই ঘটনায় কর্মীরা আশা প্রকাশ করছেন যে, নতুন পুরপ্রধানের অধীনে তাঁদের বকেয়া বেতনের সমস্যার সমাধান হবে এবং ভবিষ্যতে পুরসভার সকল কর্মচারী সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারবেন।