নেশার টাকার জন্য চরম নৃশংসতা, বেলন দিয়ে পিটিয়ে বৃদ্ধা মাকে খুন করল গুণধর ছেলে!
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের বহরমপুর থানার গান্ধী কলোনি এলাকায় নেশার টাকার জন্য ৭০ বছরের বৃদ্ধা মা সবিতা নন্দীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত এবং সম্প্রতি জেল খেটে বের হয়েছিল। মায়ের জমানো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাদকের টাকা আদায় করা নিয়ে প্রায়শই তাঁদের মধ্যে অশান্তি হতো। বুধবার রাতেও টাকা না পেয়ে অভিযুক্ত যুবক ঘরে থাকা রুটি বেলার বেলন বা ভারী কোনো বস্তু দিয়ে মায়ের মাথায় একের পর এক আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা জ্ঞান হারিয়ে ফেললে ঘরের আলো ও দরজা বন্ধ করে চম্পট দেয় ঘাতক ছেলে।
ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবিতাদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটির বড় ছেলে বিএসএফে কর্মরত অবস্থায় প্রাণ হারান এবং ছোট ছেলে কোনো কাজ না করে এলাকায় গুন্ডাগিরি ও মাদকের নেশায় ডুবে থাকত। এমনকি ভয়ের কারণে পাড়ার লোকজনও তাদের সঙ্গে মেলামেশা করত না। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। বহরমপুর থানার পুলিশ ঘাতক যুবকের সন্ধানে বিভিন্ন সম্ভাব্য আস্তানায় জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।