দিল্লিতে পাক-যোগের পর্দাফাঁস, আইএসআই নেটওয়ার্কে শিলিগুড়ির ইঞ্জিনিয়ার গ্রেফতার!
বার্তা ডেস্কঃ
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে শিলিগুড়ির এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি দিনহাটা মডিউলের একজন সক্রিয় সদস্য এবং জাল নোট চক্রের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শিলিগুড়িতে একটি ব্যবসার আড়ালে সে নেপাল ও বাংলাদেশের আইএসআই নেটওয়ার্ক বিস্তারের কাজ করছিল। প্রদীপ্তর কাছ থেকে বাংলাদেশি সিম কার্ড ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে এনে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে আটদিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তদন্তে উঠে এসেছে, কোচবিহার থেকে আগে গ্রেফতার হওয়া তিনজনের সঙ্গে প্রদীপ্তর গভীর যোগসূত্র ছিল। ধৃত ওই চক্রটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে থাকা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল রাখত। এছাড়া বাংলাদেশের কারাগারে বন্দি কয়েকজনের সঙ্গেও প্রদীপ্তর যোগাযোগের প্রমাণ মিলেছে। এই ঘটনায় গত এক মাসে মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো, যার মধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ধৃত তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি সিদ্দিকিও রয়েছে।