অভিষেকের অ্যাকাউন্টে কেন বাড়িতেই KYC, ব্যাঙ্ককে তোপ হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের অনুমতি সত্ত্বেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড আচমকা ফ্রিজ করে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। ২০২৬ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, আগাম না জানিয়ে কেওয়াইসির অজুহাতে এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। আধুনিক প্রযুক্তির যুগে সশরীরে উপস্থিতি চাওয়ায় মন্তব্য করে আদালত বলে, ‘এখন অনলাইনে কেওয়াইসি হয়, ব্যাঙ্ক কি অভিষেকের মুখ দেখতে চাইছে?’ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার তোয়াক্কা না করে একতরফা অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ে ব্যাঙ্কের দেওয়া অভ্যন্তরীণ সমস্যার অজুহাতও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
শুনানি চলাকালীন ব্যাঙ্ক দাবি করে, ইডির মামলার সূত্রে নথির অমিল থাকায় এই কেওয়াইসি প্রয়োজন হয়েছিল। তবে গ্রাহককে না জানিয়ে এমন কঠোর পদক্ষেপের জন্য ব্যাঙ্ককে সতর্ক করে বিচারপতি নির্দেশ দেন, আজ বৃহস্পতিবারই ব্যাংক কর্মীদের অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশে আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। ব্যাঙ্ক সম্পূর্ণ অ্যাকাউন্ট চালু করার প্রক্রিয়া শুরু করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আর্জি খারিজ করেছে আদালত। রাজ্য রাজনীতির এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী সোমবারে।