শূন্য হাতেই বিদায়, বিশ্বচ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেলেন পিভি সিন্ধু!
বার্তা ডেস্কঃ
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্ন অধরাই রয়ে গেল পিভি সিন্ধুর। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে তিন গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর তিনি ১১-২১, ২১-১৫, ১৭-২১ ব্যবধানে বিশ্বের তিন নম্বর ওয়াং ঝি ই-এর কাছে পরাজিত হন। এর ফলে প্রতিযোগিতায় ছ’টি পদক জয়ের বিরল বিশ্বরেকর্ড গড়া আর হল না এই ভারতীয় তারকার। সেমিফাইনালে পৌঁছাতে পারলে সিন্ধুর পদক নিশ্চিত ছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালেই তাঁর দৌড় থেমে যায়।
প্রথম গেম হেরে যাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় গেম জিতে নেন সিন্ধু। তবে তৃতীয় তথা নির্ণায়ক গেমে ক্লান্তি, পেশির টান ও খিঁচুনির বিরুদ্ধে লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি। বিশ্বচ্যাম্পিয়নশিপে এর আগে একটি সোনা, দুটি রুপো এবং দুটি ব্রোঞ্জ জেতা সিন্ধুকে এবার খালি হাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অন্যদিকে, পুরুষদের প্রি-কোয়ার্টার ফাইনালে আয়ুষ শেঠি হেরে গেলেও, মহিলাদের ডবলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি।