সেপ্টেম্বরের শুরুতেই কি বিদায় বর্ষার? আবহাওয়া দপ্তরের বড় পূর্বাভাস!
বার্তা ডেস্কঃ
দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয়তা কমতেই অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া ফিরতে শুরু করেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশজুড়েই আবহাওয়া বদলের স্পষ্ট ইঙ্গিত মিলছে। আবহাওয়া বিজ্ঞানীদের দীর্ঘমেয়াদি মডেল পূর্বাভাস দিচ্ছে, এবার স্বাভাবিক সময়ের আগেই ভারত থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
বর্ষার শেষ দিকের ওপর নির্ভরশীল অঞ্চলগুলোর জন্য সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, আবহাওয়ার পূর্বাভাস খুব একটা আশাব্যঞ্জক নয়। আগামী ৫ থেকে ১০ সেপ্টেম্বরের পর দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। এমনকি ১০ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ভারত থেকে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে আগামী দুই সপ্তাহ স্থানীয় আবহাওয়া সংক্রান্ত কারণে বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকতে পারে।
বর্ষার এই আগাম বিদায় সাধারণ জীবনের পাশাপাশি কৃষিকাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আবহাওয়াবিদরা মনে করিয়ে দিয়েছেন, যদি এর মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, তবে পরিস্থিতি বদলে যেতে পারে। তা না হলে, এবারের মতো বর্ষার স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশ কম।