২৫০ কোটির লোকসানে নিঃস্ব রাজপাল যাদব! আইনি জালে বন্দি ক্যারিয়ার?

বার্তা ডেস্কঃ

বিগত কয়েক বছর ধরে মারাত্মক আর্থিক সংকট, বকেয়া ঋণ এবং জটিল আইনি লড়াইয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। সম্প্রতি নিজের এই কঠিন সময় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। রাজপালের দাবি, গত ১৩ বছরে আর্থিক সমস্যার কারণে তাঁর প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার বিশাল ক্ষতি হয়েছে। তবে এত প্রতিকূলতার মধ্যেও নিজের অভিনয় ও শিল্পসত্তার সঙ্গে কোনো আপস করতে রাজি নন তিনি।

অভিনেতার ভাষ্যমতে, ২০১৩ থেকে ২০১৬ সালের সময়টা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। এই কয়েক বছরে তাঁর হাত থেকে বেরিয়ে যায় বহু কাজের সুযোগ। এমনকি কাজের সূত্রে প্রায় ৫০টির মতো বিদেশ সফরের সুযোগও তিনি হারান, যার সরাসরি প্রভাব পড়ে তাঁর উপার্জনে। সময়ের সাথে সাথে সেই ক্ষতির পরিমাপ গিয়ে দাঁড়ায় প্রায় আড়াইশো কোটি টাকায়।

রাজপাল যাদবের এই আর্থিক ও আইনি বিপাকের নেপথ্যে রয়েছে তাঁর পরিচালিত ছবি ‘আতা পতা লাপতা’। এই ছবিটির জন্য ব্যবসায়ী মাধব গোপাল আগরওয়াল প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সম্প্রতি ২০২৬ সালের জুলাই মাসে দিল্লি হাইকোর্ট রাজপালের বিরুদ্ধে থাকা সাতটি চেক বাউন্স মামলায় নিম্ন আদালতের সাজাই বহাল রাখে এবং তাঁকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। যদিও রাজপালের আইনজীবীর দাবি, অভিনেতা ইতিমধ্যেই ২.৫ কোটি টাকা পরিশোধ করেছেন এবং বাকি অর্থও দিতে প্রস্তুত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *