যাদবপুরে বহিরাগতদের তাণ্ডব, থানায় ছুটে গেলেন উপাচার্য!

বার্তা ডেস্কঃ

গত বুধবার (২০ অগস্ট) রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটা অশান্তির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে যাদবপুর থানায় ইমেলের মাধ্যমে এই অভিযোগ জানান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ কিছু অজ্ঞাতপরিচয় বহিরাগত ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায় এবং সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্থ করে। অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালানোর পাশাপাশি কলাপসিবল গেটের ফাঁক দিয়ে ভেতরে জ্বলন্ত বস্তু ছুড়ে মারা হয়, যা ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের প্রাণসংশয়ের কারণ হতে পারত। এমনকি মেন হস্টেলের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করা হয়। এই ঘটনায় যুক্ত অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত এফআইআর রুজু করার আর্জি জানিয়েছেন উপাচার্য। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

অন্য দিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ খুলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করেন, বাইরে থেকে রাজনৈতিক প্ররোচনা দেওয়া বন্ধ হওয়া উচিত এবং ছাত্রদের নিজেদের বিষয়ে নিজেদেরই সিদ্ধান্ত নিতে দেওয়া দরকার। রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত আরও জানান, নন্দলাল বসুর শিল্পকর্মের আসাম্মান এবং এ জাতীয় ছাত্র-সংঘাতের খবর যাদবপুর তথা পুরো রাজ্যের ভাবমূর্তির জন্য অত্যন্ত নেতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, প্ররোচনা এড়িয়ে যাদবপুর খুব দ্রুত পুনরায় তার শিক্ষার উৎকর্ষ ও স্বাভাবিক শান্ত পরিবেশে ফিরে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *