শুভেন্দু সরকারের ১০০ দিনের সাফল্যে মুগ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
রাজ্যে বিজেপি সরকারের মাত্র ১০০ দিন পূর্তিতেই নির্বাচনী প্রতিশ্রুতির প্রায় ৪৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক দক্ষতা ও কাজের গতির প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় শুভেন্দু সরকারের উন্নয়নমূলক পদক্ষেপগুলির খতিয়ান তুলে ধরেন তিনি।
অমিত শাহ জানান, মাত্র ১০০ দিনের মধ্যে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, ‘আয়ুষ্মান ভারত’ চালু করা, জনগণনার প্রস্তুতি, বিএসএফ-কে জমি হস্তান্তর এবং রেশনে গম সরবরাহের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করেছে নতুন সরকার। পাশাপাশি রাজ্য প্রশাসনের কর্মসংস্কৃতিতেও আমূল পরিবর্তন এনেছেন মুখ্যমন্ত্রী।
সীমান্ত সুরক্ষার প্রসঙ্গের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে আটকে থাকা ১১২৯ একর জমির অনুমোদন বিজেপি সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বিএসএফ ও এসএসবি-র জন্য হস্তান্তরিত করেছেন শুভেন্দু। বাকি ২৯ একর জমির বিষয়েও সকালে আলোচনার সময় দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। শাহের কথায়, “শুভেন্দু আমার বন্ধু। ঘণ্টার পর ঘণ্টা ওঁর সঙ্গে বাংলার উন্নয়ন ও অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ও সঠিকভাবে উপলব্ধি করে যে, অনুপ্রবেশ না থামলে বাংলা বা দেশ— কেউই সুরক্ষিত থাকবে না।”