৩৭ ঘণ্টা পর অবশেষে নালিশ, যাদবপুর কাণ্ড নিয়ে বড় পদক্ষেপ!
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অবশেষে কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। ঘটনার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে ৩ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ তারিখ গভীর রাতে একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সিসিটিভি ক্যামেরাসহ একাধিক গুরুত্বপূর্ণ ফলক ভেঙে গুঁড়িয়ে দেয়। ১৯ ও ২০ তারিখের পর পর ঘটে যাওয়া এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন উপাচার্য। পুলিশের কাছে অভিযোগ জমা পড়ার পর, এখন তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।