পুজোর আগেই কলকাতার ট্রাফিক নিয়ন্ত্রণে লালবাজারের বড় চমক!

বার্তা ডেস্কঃ

শারদোৎসবের দিনকয়েক বাকি থাকতেই শহরজুড়ে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে বড়সড় প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, লালবাজারের তরফ থেকে পুলিশ কমিশনার শহরের সমস্ত ডিভিশনাল ডিসি এবং ট্রাফিক ডিসিদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। এবার পুজোয় কোথায় কী ধরনের ভিড় হতে পারে, মণ্ডপে দর্শনার্থীদের ঢোকা ও বেরোনোর জন্য কী ধরনের পথ পরিকল্পনা করা হচ্ছে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে কী পদক্ষপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত ছক প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানার ওসি এবং ট্রাফিক গার্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করে এই প্রাথমিক তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

পাশাপাশি, প্রতিটি এলাকার বড় পুজোর তালিকা, তাদের আকর্ষনীয় থিম এবং সংকীর্ণ বা স্পর্শকাতর রাস্তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লালবাজারে জমা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ জারি করা হয়েছে। কোনো পুজো কমিটির অভ্যন্তরীণ কোনো সমস্যা বা বিবাদ রয়েছে কি না এবং গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোথায় কোথায় ট্রাফিক ও সুরক্ষায় উন্নতি প্রয়োজন, সে বিষয়েও স্পষ্ট রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পুলিশ কমিশনার। রাস্তাঘাটে যানবাহনের অত্যধিক চাপ সামলাতে ও পথচারীদের নিরাপদ যাতায়াত সুনিশ্চিত করতে এখন থেকেই নিশ্ছিদ্র রূপরেখা তৈরি করাই লালবাজারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *