সম্পত্তি লিখে না দেওয়ায় ভাইয়ের রডের আঘাতে খুন দাদা!
বার্তা ডেস্কঃ
শ্রীরামপুর: জমি-সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলেন দাদা। শুক্রবার সকালে হুগলির শ্রীরামপুর থানার বড়বেলু বাগপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম যোগেশচন্দ্র বাগ (৬৬)। তিনি পেশায় এক জন গ্যাস সিলিন্ডার ডেলিভারি কর্মী ছিলেন। ঘটনায় অভিযুক্ত ভাই তপন বাগকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতেও যোগেশকে হুমকি দেন পেশায় টোটোচালক ভাই তপন। এরপর শুক্রবার সকালে যোগেশ যখন স্নান সেরে ঘরে ফিরছিলেন, তখন পিছন থেকে এসে লোহার রড দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করেন তপন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যোগেশ, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত তপন নিজেই স্থানীয় পিয়ারাপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দা ও সহকর্মীদের মতে, নিহত যোগেশচন্দ্র খুবই নিরীহ স্বভাবের মানুষ ছিলেন। শ্রীরামপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে।