স্ত্রী মোটা আয় করলেও সন্তানের দায়িত্ব স্বামীরই, সুপ্রিম কোর্টের বড় বার্তা!

বার্তা ডেস্কঃ

স্ত্রীর আয় বেশি হলেই সন্তানের প্রতি বাবার দায়িত্ব অর্ধেক বা কম হয়ে যায় না—এক তাৎপর্যপূর্ণ মামলায় এই ঐতিহাসিক পর্যবেক্ষণ পেশ করল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের আগের একটি নির্দেশ বাতিল করে পারিবারিক আদালতের দেওয়া রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

ঘটনার পেছনের গল্প ২০০৬ সালে পেশায় দুই চিকিৎসকের বিয়ে হলেও পরবর্তীতে দাম্পত্য কলহের কারণে তাঁরা আলাদা থাকা শুরু করেন। নিজের ও দুই মেয়ের খোরপোশের দাবি জানিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হন স্ত্রী। আদালত খতিয়ে দেখে যে, স্ত্রী নিজে পেশায় ডাক্তার এবং মাসে প্রায় দেড় লক্ষ টাকা আয় করেন। তাই তাঁর নিজের খোরপোশের আবেদন খারিজ করলেও, দুই মেয়ের পড়াশোনা ও প্রতিপালনের জন্য স্বামীকে প্রতি মাসে মোট ৬০ হাজার টাকা (সন্তানপিছু ৩০ হাজার টাকা) দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আইনি লড়াই ও হাইকোর্টের নির্দেশ পারিবারিক আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে যান স্বামী। তাঁর দাবি ছিল, স্ত্রী যেহেতু স্বাবলম্বী ও উচ্চ উপার্জনকারী, তাই সন্তানের খরচের ভারও উভয়ের মধ্যে সমানভাবে (৫০-৫০) ভাগ হওয়া উচিত। হাইকোর্ট এই যুক্তি মেনে নিয়ে খোরপোশের পরিমাণ কমিয়ে মাসে ৩০ হাজার টাকা (সন্তানপিছু ১৫ হাজার টাকা) নির্ধারণ করে।

সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের রায়কে খারিজ করে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়:

  • সন্তানকে বড় করে তোলার দায়িত্ব কেবল পাটিগণিতের হিসেব বা টাকার অঙ্কে মাপা যায় না।
  • একজন মা চাকরি করার পাশাপাশি সন্তানকে যে সময় ও যত্ন দেন, তার কোনো আর্থিক মূল্য হতে পারে না।
  • স্বামী নিজে মাসে প্রায় ২ লক্ষ টাকা আয় করেন, তাই দুই সন্তানের জন্য মাসে ৬০ হাজার টাকা দেওয়া তাঁর জন্য মোটেই আসাম্ভব নয়।

শীর্ষ আদালত পারিবারিক আদালতের দেওয়া ৬০ হাজার টাকার অন্তর্বর্তী নির্দেশই বহাল রেখেছে এবং জানিয়েছে যে মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিম্ন আদালতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *