ত্রাণ নয়, স্থায়ী সমাধান চাই! ৫০ বছরের জলযন্ত্রণায় ফুঁসছে রামনগর
বার্তা ডেস্কঃ
রামনগর (পূর্ব মেদিনীপুর): ৩৫ বছরের বাম শাসন পেরিয়ে গত ১৫ বছর ধরে রাজ্যে তৃণমূল ক্ষমতায়, কিন্তু ভাগ্য বদলায়নি পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার বাঁধিয়া এলাকার মানুষের। সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত উত্তর ও দক্ষিণ বাঁধিয়া, কচুড়া, সাহারা-সহ একাধিক গ্রাম। প্রায় ৫০ বছর ধরে এই একই জলযন্ত্রণা ভোগ করছেন হাজার হাজার মানুষ।
কোথাও কোমরসমান, আবার কোথাও ১৫ থেকে ৩০ ফুট পর্যন্ত জল জমে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে স্থানীয় স্কুলগুলি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি ও গবাদি পশু ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিলেও, ভিটেমাটি রক্ষার আশায় অনেকে রয়েছেন জলমগ্ন কাঁচা বাড়িতেই।
পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি স্পিডবোটে করে এলাকা পরিদর্শনে যান সেচমন্ত্রী অরূপ দাস, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এবং রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেও বাসিন্দাদের স্পষ্ট কথা—”ত্রাণ নয়, সুবর্ণরেখার পাড়ে চাই স্থায়ী বাঁধ ও নিচু রাস্তা উঁচু করার ব্যবস্থা।”
সেচমন্ত্রী জানান, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে জল নামলে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সমীক্ষা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কমবে না বলেই মনে করছেন স্থানীয়রা।