নিউটাউনে বস্তাবন্দি লাশ, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম সেই দৃশ্য!
বার্তা ডেস্কঃ
নিউটাউনের স্বামীজি নগর এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক যুবকের আধপচা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে রাস্তার ধারে মুখ বাঁধা বস্তাটি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা ইকো পার্ক থানায় খবর দেন। পুলিশ এসে বস্তাটি খুলতেই আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর বয়সী সৌরভ বিশ্বাস নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
নিহত যুবকের পুরো শরীরে একাধিক ট্যাটু রয়েছে এবং মুখ ও মাথা ভারী কোনো বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতে (আনুমানিক ভোর ৪টে ২০ নাগাদ) এক ব্যক্তি কাঁধে করে বস্তাবন্দি দেহটি এনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকের পেছনে ফেলে দেয় এবং প্রমাণের সুযোগ কমাতে তার ওপর ইট চাপা দিয়ে চম্পট দেয়।
মৃত সৌরভ গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই রোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মৃতের চার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।