বেঙ্গালুরুর ক্যাফেতে বডি শেমিং! বিলে লেখা হলো ‘লিটল ফ্যাট ব্ল্যাক শার্ট’

বার্তা ডেস্কঃ

বেঙ্গালুরুর কোরমঙ্গলার জনপ্রিয় কফিশপ ‘সাবকো দ্য ক্রাফটারি’-তে গিয়ে চরম অপমানের মুখে পড়লেন এক গ্রাহক। খাবার ও কফির অর্ডার দেওয়ার পর বিল হাতে পেতেই চমকে ওঠেন তিনি। সেখানে তাঁর নামের বদলে গ্রাহকের পরিচয়ে লেখা ছিল— ‘লিটল ফ্যাট ব্ল্যাক শার্ট’ (ছোট মোটা কালো জামা পরা লোক)।

এই ঘটিনায় ক্ষুব্ধ হয়ে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে পুরো ঘটনাটি শেয়ার করে প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, নাম বা টেবিল নম্বর থাকা সত্ত্বেও কেন কারও শারীরিক গঠন তুলে ধরে এভাবে পরিচয় লেখা হবে? পুরুষদের ক্ষেত্রে এই ধরণের বডি শেমিং প্রায়শই ‘মজা’ হিসেবে এড়িয়ে যাওয়া হয় বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। পোস্টটি নেটদুনিয়ায় আসতেই সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ে।

ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় ক্যাফে কর্তৃপক্ষ। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ্যে ক্ষমা চেয়ে একটি বিবৃতি জারি করে তারা স্বীকার করে নেয় যে এটি একটি মারাত্মক ও অনভিপ্রেত ভুল। সব ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি ভুক্তভোগী গ্রাহককে তাঁদের ‘ইন্টারনাল কমপ্লেন্টস কমিশন’-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। ক্যাফের এই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পদক্ষেপকে একাংশ সাধুবাদ জানালেও, কর্মীদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও পেশাদারিত্বের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ নেটিজেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *