অক্টোবর থেকেই অ্যাকাউন্টে বাড়তি টাকা, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এনেছে নতুন মহার্ঘ ভাতার ঘোষণা। ষষ্ঠ পে কমিশনের আওতায় সরকারের তরফ থেকে ডিএ এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি করে ৩৮ শতাংশ করার অনুমোদন দেওয়া হয়েছে। এই বর্ধিত মহার্ঘ ভাতা চলতি বছরের অক্টোবর মাস থেকেই কার্যকর হতে চলেছে। অর্থাৎ, পুজোর আবহেই অক্টোবর মাসের অগ্রিম বেতনের সঙ্গে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এই বাড়তি ২০ শতাংশ ডিএ যুক্ত হয়ে যাবে, যা উৎসবের মরসুমে কর্মীদের পকেটে অতিরিক্ত আনন্দ যোগ করবে।
তবে এই সিদ্ধান্তে সম্পূর্ণ সন্তুষ্ট নন কর্মীদের একাংশ। তাঁদের দাবি, পূর্ববর্তী সরকারের ঘোষিত ৪ শতাংশ ডিএ-র ধারাবাহিকতায় এই বৃদ্ধি জুলাই মাস থেকেই কার্যকর করা উচিত ছিল। অক্টোবর নয়, জুলাই থেকে বকেয়া কার্যকর করার পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি থাকা ২২ শতাংশ ডিএ মেটানোরও জোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সরকারের ইতিবাচক পদক্ষেপের পাশাপাশি কর্মীদের এই দাবি ঘিরে এখন নবান্নের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সকলে।