চাকরি বাতিলের রায় স্থগিত, ঝাড়খণ্ডে ক্ষোভের আগুন!
বার্তা ডেস্কঃ
সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্ট স্থগিতাদেশ জারি করতেই নতুন করে উত্তাল ঝাড়খণ্ড। রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে একাধিক নিয়োগ পরীক্ষা বাতিল করা হলেও, আদালতের নির্দেশে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। এই রায়ের পর আন্দোলনে নামা পরীক্ষার্থীদের দাবি, রাজ্য সরকার তাঁদের সঙ্গে প্রতারণা করেছে এবং আদালতে পরীক্ষার্থীদের পক্ষে জোরালো সওয়াল করতে ব্যর্থ হয়েছে। প্রতারণার অভিযোগ তুলে ক্ষুব্ধ পড়ুয়ারা শুক্রবার রাতে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের অংশ হিসেবে রাজ্যের একাধিক স্থানে রাহুল গান্ধী ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুতুল দাহ করা হয়।
টানা ২৩ দিন রাজপথে আন্দোলনের পর ঝাড়খণ্ড সরকার ২০১৪ সাল থেকে আয়োজিত বিতর্কিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চাকরি হারানোর আশঙ্কায় থাকা কর্মীরা আদালতের দ্বারস্থ হলে আইনি পেঁচঘোচে সেই বাতিল প্রক্রিয়া থমকে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে বিরোধীরা অভিযোগ করছে, প্রশাসন যুবসমাজের ভবিষ্যৎ ও মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। অন্যদিকে, ক্ষমতাসীন দল দাবি করেছে, বিচারাধীন এই সংবেদনশীল বিষয়টিকে কেন্দ্র করে বিরোধীরা অহেতুক রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছ।