মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশে তোলপাড়, তীব্র নিন্দা জানাল ভারত!
বার্তা ডেস্কঃ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে এক মার্কিন সংস্থার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নয়াদিল্লি জানিয়েছে, ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) একটি পক্ষপাতদুষ্ট ও বিশ্বাসযোগ্যতাহীন সংস্থা। ভারতের বহুত্ববাদী কাঠামোর বাস্তবতা এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিপূর্ণ সহাবস্থান অনুধাবন করতে ব্যর্থ হয়েছে এই মার্কিন কমিশন।
এর আগে সংস্থাটির পক্ষ থেকে আরএসএস এবং নির্দিষ্ট কিছু ভারতীয় সংস্থার ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছিল। মার্কিন এই সংস্থার চেয়ারম্যান দাবি তুলেছিলেন যে, আরএসএস নেতাদের প্রতি যেন কোনও ধরনের কূটনৈতিক সৌজন্য প্রদর্শন করা না হয়। তবে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এ ধরনের সংস্থার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে এবং তাদের মন্তব্যের কোনো যৌক্তিকতা নেই। সংঘ প্রধানের আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।