রাবণের দেশে গণকবর! মাটি খুঁড়তেই বেরিয়ে এল শিশুর কঙ্কাল ও খেলনা

বার্তা ডেস্কঃ

শ্রীলঙ্কার জাফনা উপকণ্ঠের চেম্মানি গণকবরে সাম্প্রতিক খননকার্য চালিয়ে শিশু-সহ ৫৮২টি নরকঙ্কালের সন্ধান মিলেছে। ২৬ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ পরবর্তী সময়ে এটি দেশের বৃহত্তম কঙ্কাল উদ্ধারের ঘটনা বলে জানা যাচ্ছে। ফরেন্সিক দলগুলির পরিচালিত এই খননকাজে হাড়গোড়ের পাশাপাশি শিশুদের খেলনা, দুধের বোতল, স্কুলব্যাগ এবং চুড়ির মতো একাধিক ব্যক্তিগত সামগ্রী উদ্ধার হয়েছে। বিশেষ করে দুই হাত বুকের সঙ্গে বাঁধা কঙ্কাল পাওয়ার ঘটনাটি তদন্তকারীদের নজরে এসেছে, যা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের পুরনো অভিযোগগুলিকে ফের জোরালো করে তুলেছে।

দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সময় নিখোঁজ হওয়া সংখ্যালঘু তামিল নাগরিকদের ভাগ্য নিয়ে এই আবিষ্কারের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর্থিক অভাব ও প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝপথে খননকাজ ব্যাহত হলেও আদালতের নির্দেশে তা পুনরায় শুরু হয়। এদিকে মানবাধিকার সংগঠন ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলি ঘটনার স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও, শ্রীলঙ্কা সরকার দেশের অভ্যন্তরীণ বিচারব্যবস্থার মাধ্যমেই এই তদন্ত সম্পূর্ণ করার পক্ষে অবস্থান নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *