নিম্নচাপ কাটলেও বিপত্তি শেষ নয়, কোন কোন জেলায় চলবে দুর্যোগ?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমে সরে গেলেও রাজ্যে এখনই পুরোপুরি থামছে না বৃষ্টির তাণ্ডব। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও সতর্কবার্তা না থাকলেও বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম।

অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী বুধবা পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। যদিও মালদহ এবং দুই দিনাজপুরে আপাতত ভারী বর্ষণের আশঙ্কা নেই, তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির পরিমাণ কমায় এবং পারদ স্বাভাবিকের গণ্ডি পেরিয়ে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম চরমে উঠেছে। তবে সমুদ্র শান্ত থাকায় আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *