পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে তলব, পাকিস্তানকে কড়া বার্তা দিল্লির!
বার্তা ডেস্কঃ
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদকে সমন পাঠাতে চলেছে এনআইএ আদালত। পাকিস্তানের মাটিতে তার নির্দিষ্ট ঠিকানায় বিদেশ মন্ত্রকের মারফৎ এই সমন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৬ জুলাই এই মামলায় ১,৫৯৭ পৃষ্ঠার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই চার্জশিটে হামলার মূলচক্রী হিসেবে হাফিজের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আদালতের এই সমনের মাধ্যমে তাকে ভারতের আদালতে সশরীরে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
ভারতীয় আদালতের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ। যদিও আইনি নির্দেশ অনুযায়ী বিচার প্রক্রিয়ায় হাফিজ সইদ উপস্থিত না হলে, নতুন আইন বিএনএসএস-২০২৩ এর ৩৬৫ ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতেই অর্থাৎ ‘ট্রায়াল অফ অ্যাবসেনশিয়া’ পদ্ধতিতে বিচারকার্য সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্ম পরিচয় দেখে অত্যন্ত নৃশংসভাবে ২৬ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমে এনআইএ পাকিস্তানের গভীর ষড়যন্ত্র এবং এই সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত একাধিক কুখ্যাত মোস্ট ওয়ান্টেড জঙ্গির নাম একে একে প্রকাশ্যে এনেছে।