ঝড়খালি এখন বাঘশূন্য, শেষ রয়্যাল বেঙ্গলের মৃত্যুতে বিষাদ!
বার্তা ডেস্কঃ
সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের শেষ রয়্যাল বেঙ্গল টাইগারটিরও মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার বাঘটি শেষনিশ্বাস ত্যাগ করে। এর ফলে কেন্দ্রটি পুরোপুরি বাঘশূন্য হয়ে পড়ল।
বনদপ্তর সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে শিকার করতে অক্ষম বাঘদেরই সাধারণত এই কেন্দ্রে এনে রাখা হতো। মৃত বাঘটি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল। দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অধিকর্তা নিশা গোস্বামী জানান, দু’জন পশু চিকিৎসক সবরকম চেষ্টা করলেও বাঘটিকে বাঁচানো সম্ভব হয়নি। বনদপ্তরের নিয়ম মেনে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে; রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানে এই নিয়ে কেন্দ্রটিতে মোট ৪টি বাঘের মৃত্যু হলো। কিছুদিন আগেই একটি বাঘিনী মারা যায়, আর এবার শেষ বাঘটির প্রয়াণে শূন্য হয়ে গেল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র।