জাপানে ভয়াবহ ভূমিকম্প, টোকিওতে তীব্র আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিওসহ পূর্বাঞ্চলীয় এলাকা। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (JMA)-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ইবারাকি প্রিফেকচারের ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS-এর মতে, কম্পনের মাত্রা ছিল ৫.৮। এ ঘটনায় বড় ধরনের সুনামি বা প্রাণহানির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের ফলে বিভিন্ন অঞ্চলে অন্তত ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোরে ঘুমের ঘোরে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে দ্রুত উঠতে গিয়ে কিংবা আসবাবপত্র ও দরজার সঙ্গে ধাক্কা লেগে বেশিরভাগ মানুষ আঘাত পেয়েছেন। কম্পনের পরই টোকিওসহ বিস্তীর্ণ এলাকায় মোবাইলে দ্রুত জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। সাময়িকভাবে প্রায় ৪৬০টি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়লেও পরে TEPCO পাওয়ার গ্রিড দ্রুত সংযোগ সচল করে।

ভূমিকম্পের প্রভাবে স্বাভাবিক যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়। টোকিও ও নারিতা বিমানবন্দরগামী এক্সপ্রেস এবং বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলাচল করে। তবে ইস্ট জাপান রেলওয়ে নিশ্চিত করেছে যে বুলেট ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

অন্যদিকে, জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, দেশের প্রায় এক ডজন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা সংশ্লিষ্ট কোনো স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন মেলেনি। সমস্ত কেন্দ্র নিরাপদ থাকলেও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *