মাঝরাতে দার্জিলিং হাসপাতালে চিতাবাঘের হানা! আতঙ্ক তুঙ্গে
বার্তা ডেস্কঃ
গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দার্জিলিং সদর হাসপাতাল চত্বরে ঢুকে পড়ল প্রকাণ্ড এক চিতাবাঘ। রোগীরা তখন নিজেদের ওয়ার্ডে নিশ্চিন্তে ঘুমে মগ্ন, আর ডিউটিতে ব্যস্ত ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের ভেতরে বন্যপ্রাণীটির অবাধ বিচরণ চোখে পড়ায় মুহূর্তে ধেয়ে আসে তীব্র আতঙ্ক।
পুরো ঘটনাটি বন্দি হয়েছে হাসপাতালের সিসিটিভি (CCTV) ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, গভীর রাতে কোনো তাড়াহুড়ো না করে অত্যন্ত ধীরস্থিরভাবে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছে বিশাল আকারের চিতাটি।
রাতের ডিউটিতে থাকা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল চত্বরে এত বড় চিতাবাঘের আগমণ তারা আগে কখনো দেখেননি। ঘটনার খবর চাউর হতেই রোগীদের নিরাপত্তা নিয়ে চিকিৎসাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়।
পাহাড়ি এলাকায় জঙ্গল ও লোকালয় কাছাকাছি হওয়ায় বন্যপ্রাণী চত্বরে চলে আসা একেবারে নতুন নয়। তবে দার্জিলিং সদর হাসপাতালের মতো একটি জনবহুল ও ব্যস্ত জায়গায় সরাসরি এত বড় একটি চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনায় সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠে গেছে।