ভেলায় চড়ে স্কুল! মথুরাপুরের খুদে পড়ুয়াদের অবিশ্বাস্য যাত্রার ছবি ভাইরাল

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অর্জনের ছবিটা রীতিমতো উদ্বেগের। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ থেকে ঢোকার রাস্তা পর্যন্ত হাঁটুসমান জলে ডুবে যায়। যথাযথ নিকাশি ব্যবস্থার অভাবে সেই জল সহজে সরতে চায় না, ফলে বছরের পর বছর ধরে এই জমা জলই নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গত আট বছর ধরে চলা এই চরম ভোগান্তির কারণে শুধু শিক্ষার্থীরাই নয়, চরম সমস্যায় পড়ছেন শিক্ষক-শিক্ষিকারাও। অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন, যা শিক্ষাব্যবস্থার ওপর প্রশ্ন তুলছে।

পরিস্থিতি এতটাই সংকটজনক যে, কচিকাঁচারা ঝুঁকি এড়াতে ভেলায় চড়ে বা অভিভাবকদের কোলে চড়ে কোনোমতে স্কুলে পৌঁছায়। অনেক সময় জমা জলে ভারসাম্য হারিয়ে ভেজা কাপড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয় তারা। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও কোনো স্থায়ী সমাধান মেলেনি। অভিভাবক ও শিক্ষকদের একটাই দাবি, দ্রুত কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তুলে এই বিপজ্জনক পরিস্থিতির অবসান ঘটাক প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *