Gen-Z-দের মন জয়ে ময়দানে বিজেপি, মোদীর ভাবমূর্তি ফেরাতে বড় চমক!

বার্তা ডেস্কঃ

দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্রবিক্ষোভ ও জেন জি (Gen Z) আন্দোলনের পর রাজনৈতিকভাবে কিছুটা অস্বস্তিতে কেন্দ্র তথা শাসকদল বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই আন্দোলনের প্রভাব পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতেও। পরিস্থিতি সামাল দিতে এবং তরুণ প্রজন্মের আস্থা ফিরে পেতে এবার দেশজুড়ে বড়সড় জনসংযোগ অভিযানের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি।

সম্প্রতি বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলের পদাধিকারীদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যুবসমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়তে একটি বিশেষ টিম কাজ করবে। এই টিমে রয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি, বিনোদ তাওড়ে, গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিসগড়ের মন্ত্রী ওপি চৌধুরী। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দলকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে নিত্যনতুন কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

এ ছাড়া, প্রশাসনে নরেন্দ্র মোদীর সফল ২৫ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর ডাক দিয়েছেন নীতিন নবীন। বিজেপি নেতৃত্বের দাবি, একজন সফল প্রশাসক হিসেবে মোদীর বিভিন্ন সাফল্য তুলে ধরাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, জেন জি-দের ক্ষোভ প্রশমনের পাশাপাশি বেকারত্ব, অর্থনৈতিক অবস্থা ও কৃষক আন্দোলনের মতো ইস্যুতে বিরোধীদের চাপ সামাল দিতেই বিজেপির এই কৌশল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *