স্কুল সংস্কারে বাধা! লাতুরে সমাজকর্মীর বিরুদ্ধে FIR, বাড়ছে বিতর্ক।

বার্তা ডেস্কঃ

মুম্বই: অনুমতি ছাড়া সরকারি স্কুলে প্রবেশ, পঠনপাঠনে ব্যাঘাত ঘটানো এবং শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগে CJP (Citizens for Justice and Peace)-র প্রতিনিধি অভিজিৎ দিপকে ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল পুলিশ। মুম্বই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে লাতুর জেলার আওসার জাভলি এলাকায় অবস্থিত একটি জেলা পরিষদ উর্দু স্কুলে এই ঘটনাটি ঘটে।

স্কুলের ৫৩ বছর বয়সী শিক্ষিকা সৈয়দ শামশাদবানু খৈরাত আলির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঠিক কী ঘটেছে? অভিযোগ সূত্রে জানা গেছে, CJP-র ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে অভিজিৎ দিপকে ও তাঁর সহযোগীরা লাতুরের বিভিন্ন সরকারি স্কুলের পরিকাঠামোগত সমস্যা খতিয়ে দেখছিলেন। কিন্তু ওই উর্দু স্কুলে স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়েই তাঁরা জোরপূর্বক ঢুকে পড়েন এবং শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের নানা প্রশ্ন করতে শুরু করেন। এতে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন এবং সরকারি কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ভিডিও ছড়ানো ও হুমকির অভিযোগ: শুধু অনধিকার প্রবেশই নয়, পুরো ঘটনাটির ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওর মাধ্যমে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এমনকি অভিজিৎ দিপকে দাবি করেছিলেন যে, স্কুলের অব্যবস্থা ঢাকতে নাকি অন্য স্কুল থেকে ছাত্র এনে বসানো হয়েছিল— যা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া উপস্থিত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত (সাসপেন্ড) করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

আইনি পদক্ষেপ: ঘটনার ভিত্তিতে পুলিশ অভিজিৎ দিপকে ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৩২, ৩২৯(৩), ৩৫১(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু করেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *