রাতেই উধাও জমির মালিকের নাম! পোর্টাল বিভ্রাট নাকি বড় কারচুপি?

বার্তা ডেস্কঃ

পুরুলিয়া: জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের গাফিলতি ও অনিয়মের পুরোনো ছবিটা যে এখনও বদলায়নি, তা আবারও প্রমাণ হলো পুরুলিয়ায়। কয়েক বছর আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার ভূমি দপ্তরের দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ নিলেও, কাজের কাজের কোনো স্থায়ী পরিবর্তন ঘটেনি। এবার ‘বাংলার ভূমি’ পোর্টালে রাতারাতি জমির আসল মালিকের নাম বদলে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।

ঘটনাটি বলরামপুর ব্লকের নামশোল গ্রামের বাসিন্দা সুভাষ দাসের। তিনি ২০২২ সালের নভেম্বরে পুরুলিয়া মফস্‌সল থানার পালঞ্জা মৌজায় ৪১২ ডেসিমেল জমি কেনেন (এলআর খতিয়ান নম্বর ২৮৭৭, প্লট নম্বর ১৪৩১)। সমস্ত নথি খতিয়ে দেখে ২০২৪-এর শুরুতে পুরুলিয়া-২ ব্লকের ভূমি দপ্তর থেকে জমিটির বৈধ মিউটেশন করান তিনি। কিন্তু সম্প্রতি পোর্টালে নিজের জমির তথ্য দেখতে গিয়ে তিনি চমকে ওঠেন—তাঁর জায়গায় ফুটে উঠেছে অন্য এক অবাঙালি ব্যক্তির নাম।

সরকারি মিউটেশন রেকর্ড থাকা সত্ত্বেও কীভাবে রাতারাতি মালিকানা বদলে গেল, তার কোনো সদুত্তর দিতে পারছে না প্রশাসন। ভুল সংশোধনের আবেদন জানিয়েও গত সাত মাস ধরে বিএলএলআরএ (BLLRO) অফিসে চক্কর কাটতে হচ্ছে সুভাষবাবুকে। আধিকারিকরা একে স্রেফ “ক্ল্যারিক্যাল ভুল” বা কেরানিঘটিত ত্রুটি বলে দায় সারছেন। পুরুলিয়া-২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিপুল মণ্ডল জানান, সমস্যা সমাধানের জন্য আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে বৈধ রেকর্ডের বাইরে গিয়ে কীভাবে এই নাম পরিবর্তন হলো, সেই প্রশ্ন অধরাই রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *