লাখ টাকায় ফায়ার সার্টিফিকেট! নিউমার্কেট কাণ্ডে কাঠগড়ায় দমকল আধিকারিকরা?
বার্তা ডেস্কঃ
কলকাতার নিউমার্কেট এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ও বৈধ অনুমতি না থাকায় এলাকাটির অন্তত ৭০টি বেআইনি হোটেল বন্ধ বা সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে, হোটেল চালুর জন্য প্রয়োজনীয় ‘ফায়ার সেফটি’ ও ‘ফায়ার লাইসেন্স’ পেতে মোটা অঙ্কের উৎকোচ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নগদ দেড় থেকে দু’লাখ টাকার বিনিময়ে তিন বছরের অগ্নিনিরাপত্তা সার্টিফিকেট এবং অতিরিক্ত অর্থমূল্যে ফায়ার লাইসেন্স সংগ্রহ করা হতো।
এই পরিস্থিতিতে গত এক দশকে দমকলের সদর দফতরে লাইসেন্স ও সার্টিফিকেট প্রদানকারী সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। পুলিশ ও তদন্তকারী বিশেষ দল (SIT) বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্ধারিত নিয়ম ও পরিদর্শন এড়িয়ে এই ধরনের দুর্নীতির সুযোগ নিয়ে অনেকে অনৈতিকভাবে লাইসেন্স হাসিল করেছেন। এখন দেখার বিষয়, হোটেল মালিকদের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি এই দুর্নীতির নেপথ্য নায়কদের বিরুদ্ধে প্রশাসন কী কঠোর ব্যবস্থা গ্রহণ করে।