মধ্যরাতে গুলির শব্দে কেঁপে উঠল সন্দেশখালি, নেতার বাড়িতে হামলা চালালো কারা?
বার্তা ডেস্কঃ
ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। গভীর রাতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে লাগাতার কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। ন্যাজাট থানার অন্তর্গত খাস সাকদা এলাকায় ঘটা এই অতর্কিত হামলায় গোটা অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসগৃহে ঘুমাচ্ছিলেন ওই রাজনৈতিক নেতা। আকস্মিক গুলির শব্দে মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে যায় সকলের এবং তীব্র আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সাহসটুকুও পাননি তারা।
পরবর্তী সময়ে প্রতিবেশীরা গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে শুরু করলে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। রাজবাড়ি আউটপোস্টের পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং বাড়ির আশপাশ থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করে। এই ঘটনার নেপথ্যে স্থানীয় প্রভাবশালী এক নেতার ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে অভিযোগের আঙুল তুলেছেন ভুক্তভোগী বিজেপি নেতা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।