চিনির বাজারে আগুন, কেন হু হু করে বাড়ছে দাম?
বার্তা ডেস্কঃ
দেশের দোরগোড়ায় কড়া নাড়ছে উৎসবের মরশুম, আর ঠিক তখনই আমজনতার পকেটে টান পড়ছে চিনির ঊর্ধ্বমুখী দামে। আবহাওয়াজনিত সমস্যা, ফসল উৎপাদনে ঘাটতি এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের জেরে চিনির বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। চাষিদের দাবি, আখের ফসল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি আসাময়ে ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনির উৎপাদন কম হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, নতুন মরশুম শুরু হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুদ রয়েছে।
এই চিনির সঙ্কট কেবল ভারতে সীমাবদ্ধ নেই, বরং এর আঁচ পড়েছে পুরো বিশ্বজুড়েই। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ ব্রাজিলে ইথানল তৈরির জন্য আখ বেশি ব্যবহার করায় চিনির উৎপাদন প্রায় তিন শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, সক্রিয় এল নিনো পরিস্থিতির কারণে ভারত ও থাইল্যান্ডের মতো প্রধান আখ উৎপাদনকারী অঞ্চলগুলোতে আবহাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জেরে বিশ্বজুড়েই চিনির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারেও দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।