ইমরানের সুচিকিৎসার দাবিতে সরব গাভাসকর ও কপিল!
বার্তা ডেস্কঃ
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও সুস্বাস্থ্যের দাবিতে ফের সরব হলেন ক্রিকেটবিশ্বের কিংবদন্তিরা। ভারতের সুনীল গাভাসকর ও কপিল দেবসহ একুশ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন। রাজনীতি বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, কেবল দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুত্বের খাতিরেই তাঁরা এই মানবিক আবেদন জানিয়েছেন বলে স্পষ্ট করেছেন।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ইমরান খানকে পর্যাপ্ত চিকিৎসা না দিয়েই তড়িঘড়ি আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনে স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ক্রিকেট তারকারা।