রেজিনগরে ছেলের বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ, হুমায়ুনের মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক পারদ চড়ছে। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে নিজের ছেলের লড়ার ঘোষণা করে হুমায়ুন কবীর দাবি করেন, এই আসনে মূল লড়াই হবে তাঁদের দলের সঙ্গেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে। এই মন্তব্যের পরই পালটা আক্রমণ শানিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হুমায়ুনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অধীর অভিযোগ তোলেন, অতীতে বিজেপির দালালি করতেই একটি দল তৈরি করেছিলেন হুমায়ুন এবং বাবরি মসজিদ নির্মাণের নাম করে কোটি কোটি টাকা চাঁদা তুলে তা ভেস্তে দিয়েছেন।
অধীরের এই মন্তব্যের জবাবে হুমায়ুন কবীর বলেন, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর অধীর চৌধুরী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। মসজিদ নির্মাণের আর্থিক হিসেব তুলে ধরে তিনি জানান, প্রয়োজনীয় তহবিলের অংশ সংগ্রহ হয়েছে এবং কাজ চলছে। একই সঙ্গে তিনি অধীর চৌধুরীকে রেজিনগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেন, এই উপনির্বাচনে কংগ্রেস ও সিপিএম প্রার্থীর চেয়ে ‘নোটা’ বেশি ভোট পাবে।