আরাবুলের গাড়ি লক্ষ্য করে হামলা, রণক্ষেত্র ভাঙড়!

বার্তা ডেস্কঃ

বিধানসভা নির্বাচন শেষ হতেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ইন্ডিয়ান সিক্যুলার ফ্রন্ট (ISF) ত্যাগের ঘোষণা দেওয়া প্রভাবশালী নেতা আরাবুল ইসলামকে কেন্দ্র করে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তীব্র হট্টগোল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

পঞ্চায়েত সমিতিতে কড়া পুলিশি নিরাপত্তা সোমবার আরাবুল ইসলাম ভাঙড় ২ পঞ্চায়েত সমিতিতে নিজের অফিসে এলে সংঘাতের আশঙ্কায় বিজয়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা নিশ্চিত করতে বিডিও অফিসে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

বাইরে বেরোতেই তাড়া ও হামলা পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আইএসএফ কর্মীদের প্রবল প্রতিবাদ এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের পরামর্শে আরাবুল সমিতি চত্বর ছাড়তে বাধ্য হন। তবে তিনি বাইরে আসামাত্রই তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দেওয়া হয় এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত শনিবার রাতেও তাঁর গাড়িতে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল।

ঘটনায় নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দেওয়া আরাবুল নির্বাচন কাটতেই দল ছাড়ার ঘোষণা দেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যেহেতু উনি সদ্য দল ছেড়েছেন, তাই আইএসএফ-এর ওপর দায় চাপানো সহজ। তবে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।” এটি কোনো সহানুভূতি পাওয়ার রাজনৈতিক চাল কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভাঙড় এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *