ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই এবার দারুণ স্বস্তি!
বার্তা ডেস্কঃ
বিদেশযাত্রার অনুমতির পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আচমকাই ফ্রিজ করে দেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে আদালত পরিষ্কার জানিয়েছে যে, গ্রাহককে না জানিয়ে বা উপযুক্ত নোটিশ না দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে ইতিমধ্যেই অভিষেকের অ্যাকাউন্ট সচল করে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে।
শুনানিপর্বে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, কেওয়াইসি বা আধার সংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এবং একাধিক মামলা থাকার কারণেই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে আদালতের আগের নির্দেশ অনুযায়ী তাঁর বাড়িতে গিয়েই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। বিচারপতির স্পষ্ট মন্তব্য, যে ব্যক্তিই হোন না কেন, অ্যাকাউন্ট সংক্রান্ত এমন পদক্ষেপের আগে তাঁকে জানানো উচিত ছিল। এই রায়ের ফলে এখন স্বাভাবিকভাবেই ওই অ্যাকাউন্ট থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারসহ সমস্ত আর্থিক লেনদেন করতে পারবেন তিনি।