ক্ষমতা হারিয়েও দাদাগিরি! পাওনা টাকা চাইতে গিয়ে কাঠমিস্ত্রির কপালে জুটল মারধর?
বার্তা ডেস্কঃ
তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক কাঠমিস্ত্রি। নিজের ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ করানোর পর বকেয়া প্রায় ৮০ হাজার টাকা না দিয়ে উল্টে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগী রাজ কাপুর শর্মার দাবি, সোমবার কাজের টাকা চাইতে গেলে তাঁকে বাড়িতে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এরপর তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয় এবং ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই বেহালা থানায় অভিনেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী রাজ কাপুর শর্মা জানিয়েছেন, কিছুদিন আগেই ওই ফ্ল্যাটের সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু বকেয়া টাকা চাইতে গেলেই শুরু হয় বিপত্তি। থানা পর্যন্ত জল গড়ালেও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মেজাজ হারানোর এবং অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। অতীতে সল্টলেকের একটি হোটেলেও এমন বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই নতুন অভিযোগ আইনি জটিলতা কতটা বাড়াবে, এখন সেটাই দেখার বিষয়।