পুতিনের সঙ্গে জয়শঙ্করের ম্যারাথন বৈঠক, বাণিজ্যে বড় মোড়!
বার্তা ডেস্কঃ
মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার আয়োজিত এই বিশেষ বৈঠকে দুই রাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা পুতিনের হাতে তুলে দেন বিদেশমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারিত্ব অভাবনীয় হারে বেড়েছে বলে জানান জয়শঙ্কর। পুতিনের সঙ্গে আলোচনায় জ্বালানি খাত, রাসায়নিক সার সরবরাহ, পারমাণবিক শক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। আগামী দিনে আসন্ন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনগুলোকে সামনে রেখে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আশা করছে ওয়াকিবহাল মহল।