৭ দিনেই বিধান মার্কেট উচ্ছেদ, শুরু হচ্ছে জোকা মেট্রোর কাজ!
বার্তা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের অনুমতি মিলতেই জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোতে চলেছে। আদালত নির্দেশ দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট (বিধান মার্কেট) খালি করে নির্মাণকাজ শুরু করতে হবে। তবে একই সঙ্গে ব্যবসায়ী ও দোকানদারদের স্বার্থ সুরক্ষায় একাধিক কড়া শর্ত দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেয়, মেট্রো কর্তৃপক্ষকে লিখিতভাবে মুচলেকা দিতে হবে যে কাজ শেষ হওয়ার পর সমস্ত দোকানদারকে তাঁদের পুরোনো স্থানেই ফিরিয়ে আনা হবে। এছাড়া, ব্যবসায়ীদের সাময়িকভাবে ‘মাউন্টেড পুলিশ প্যাডক’ এলাকায় স্থানান্তরিত করা হলেও, সেখানে পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ এবং নিরাপত্তার বন্দোবস্ত সুনিশ্চিত করার পরেই কেবল স্থানান্তর প্রক্রিয়া শুরু করা যাবে।
উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিরক্ষা দপ্তরের জমিতে গড়ে ওঠা এই পাইকারি বাজারের ব্যবসায়ীরা কোনো লিখিত প্রতিশ্রুতি ছাড়া পুনর্বাসনের প্রতিবাদে আদালতে মামলা করেন। মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস সওয়াল করেন। আদালতের এই রায়ের ফলে পুনর্বাসনের সুরক্ষাকবচ নিশ্চিত করেই মেট্রোর কাজের রাস্তা পরিষ্কার হলো।