চাকরির দাম ১৫ লক্ষ টাকা! পার্থদের নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর রেট চার্ট ফাঁস
বার্তা ডেস্কঃ
রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। এই চার্জশিটে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ইডির দাবি অনুযায়ী, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য রীতিমতো একটি ‘রেট চার্ট’ তৈরি করা হয়েছিল। গ্রুপ সি পদে চাকরির জন্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা নেওয়া হতো। টাকার বিনিময়ে ওএমআর শিটে কারচুপি থেকে শুরু করে ‘র্যাঙ্ক জাম্প’ এবং প্যানেলের মেয়াদ শেষের পরও বেআইনিভাবে নিয়োগ দেওয়া হতো। এই বিশাল দুর্নীতির পরিমাণ ইতিমধ্যেই প্রায় ৬৩০.৪ কোটি টাকায় পৌঁছেছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে।
এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং মধ্যস্থতাকারী হিসেবে কুন্তল ঘোষ ও প্রসন্ন রায়ের নাম উল্লেখ করেছে ইডি। চার্জশিটে দাবি করা হয়েছে যে, তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় তাঁর সরকারি ক্ষমতা ও পদের চরম অপব্যবহার করে এই অবৈধ নিয়োগ চক্রটি পরিচালনা করতেন। বর্তমানে পার্থ ও অর্পিতা জামিনে মুক্ত থাকলেও নতুন চার্জশিটে তাঁদের নাম যুক্ত হওয়ায় বিষয়টি ফের জোরালো চর্চায় উঠে এসেছে। ইডি ইঙ্গিত দিয়েছে যে, তদন্তের জাল আরও গুটিয়ে আনলে এই বিপুল দুর্নীতির অঙ্ক ভবিষ্যতে আরও বাড়তে পারে।