ক্যালিফোর্নিয়ার সমুদ্রে তলিয়ে মর্মান্তিক মৃত্যু ভারতীয় তরুণীর!
বার্তা ডেস্কঃ
আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত তরুণী অ্যালি রেনি সিং। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানের মেধাবী এই ছাত্রী গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের খাদে পড়ে যান। এরপর গাড়িটি গড়িয়ে সোজা সমুদ্রে ভেসে যায়। ওই গাড়িতে থাকা অপর এক যুবক শেষ মুহূর্তে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হলেও, তরুণীকে রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদার ডুবুরিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় ভাঙনের কারণে ওয়েস্ট ক্লিফ ড্রাইভের ওই রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, যার ফলে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত ১৩ এপ্রিলের এই মর্মান্তিক ঘটনার পর তরুণীর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবর নিশ্চিত করে কঠিন এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তাঁর কাকিমা। মেধাবী এই তরুণীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহপাঠী ও শুভানুধ্যায়ীরা।