১৫ লাখে গ্রুপ-সি, ১২ লাখে গ্রুপ-ডি! পার্থ-অর্পিতার ৬৩০ কোটির ‘ধামাকা’ চার্জশিট

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আবার বড় পদক্ষেপ নিল। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং যুব নেতা কুন্তল ঘোষসহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার বিশেষ PMLA আদালতে একটি নতুন ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ পেশ করেছে ইডি।

তদন্তকারী সংস্থার দাবি, ২০১৬ সালের গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৬৩০.৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। OMR শিট কারচুপি, র‍্যাঙ্ক জাম্পিং এবং মেয়াাদ উত্তীর্ণ প্যানেল থেকে বেআইনি সুপারিশপত্র দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়।

চার্জশিটে নির্দিষ্ট দর বা ‘রেট’ উল্লেখ করে বলা হয়েছে:

  • গ্রুপ-সি পদ: প্রার্থী পিছু ১৫ থেকে ১৬ লক্ষ টাকা
  • গ্রুপ-ডি পদ: প্রার্থী পিছু ১০ থেকে ১২ লক্ষ টাকা

ইডি-র অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই মিডলম্যানদের সাহায্যে এই বিপুল টাকা তোলা হয়েছিল। এ পর্যন্ত এই মামলায় ২৪৭.৩৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি-র বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ৭০২ কোটি টাকা ছাড়িয়েছে।

২০২২ সালের জুলাইয়ে বিপুল নগদ টাকা উদ্ধারের পর গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ সাড়ে তিন বছর পর ২০২৫ সালের নভেম্বরে জামিন পান। তবে এই নতুন চার্জশিট জমা পড়ায় তাঁর ও সহযোগীদের ওপর আইনি চাপ আবার অনেকটাই বাড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *