চাকরির মেয়াদ বাড়ল কি? সুপ্রিম কোর্টে মিলল বড় স্বস্তি!
বার্তা ডেস্কঃ
এসএসসি ২০১৬ প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নিয়ে যখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই সুপ্রিম কোর্ট থেকে এল বড়সড় সাময়িক স্বস্তি। নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায়, নিজেদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য চাকরিপ্রার্থীরা। একই আবেদন জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকেও। মঙ্গলবার দুই পক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মূল মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল থাকবে।
উল্লেখ্য, পূর্বতন নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। আদালত পুরো প্যানেল বাতিল করলেও, রাজ্যজুড়ে পঠনপাঠন স্বাভাবিক রাখতে যোগ্য চাকরিপ্রার্থীদের ৩১ ডিসেম্বর ২০২৫ এবং পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। একই সঙ্গে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে আগস্টের শেষ পর্যায়ে এসেও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় ফের আদালতের শরণাপন্ন হন যোগ্যরা ও রাজ্য সরকার। যার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে, মূল বিচার শেষ না হওয়া পর্যন্ত যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের পদে বহাল থাকবেন।