সুতিতে মন্ত্রীর ঝটিকা সফর, বিড়ি শ্রমিকদের কাছে পৌঁছে কেন দিলেন কড়া বার্তা?
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের সুতিতে বিড়ি শ্রমিকদের কাজের অবস্থা ও সমস্যার বাস্তব চিত্র খতিয়ে দেখতে হঠাৎই হাজির হলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার সকালে তিনি সুতিতে এসে নিমতিতা হাসপাতাল পরিদর্শনের পর সোজা চলে যান বিড়ি শ্রমিকদের এলাকায়। তাঁর সঙ্গে ছিলেন শ্রম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও।
শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে মন্ত্রী খোঁজ নেন তাঁদের দৈনিক কাজের পরিবেশ সম্পর্কে। একজন শ্রমিক দিনে কতগুলি বিড়ি বাঁধেন, ১০০০ বিড়িতে কত মজুরি মেলে এবং তামাক ও কাঁচা পাতা কিভাবে দেওয়া হয়—এসব খুঁটিনাটি তিনি জেনে নেন।
এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিড়ি শিল্পে বহুল আলোচিত ‘পট্টি’ বা কাঁচামাল কাটার বিতর্কিত প্রথাটি বোঝা। মালিক বা মহাজনরা কেন অতিরিক্ত ‘পট্টি’ কাটে এবং এর ফলে শ্রমিকদের দৈনিক আয়ে কতটা কোপ পড়ছে, তা ভুক্তভোগীদের মুখ থেকেই শোনেন অর্জুন সিং। শ্রমিকদের বঞ্চনা ও আর্থিক কষ্টের কথা শুনে তিনি উপস্থিত আধিকারিকদের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সীমান্ত ঘেঁষা এই এলাকার বিড়ি শ্রমিকদের আসল পরিস্থিতি বুঝে তাঁদের অধিকার সুনিশ্চিত করতেই মন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট।