প্রতিরক্ষায় ঐতিহাসিক মোড়, এবার দেশীয় সংস্থা তৈরি করবে DRDO-র মিসাইল!
বার্তা ডেস্কঃ
দেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও (DRDO)-র তৈরি সমস্ত প্রথাগত মিসাইল (Conventional Missile) প্রযুক্তি দেশীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির হাতে হস্তান্তরের (ToT) প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে দেশের সরকারি ও বেসরকারি উভয় প্রকার প্রতিরক্ষা সংস্থাই এখন থেকে ভারতে আন্তর্জাতিক মানের ক্ষেপণাস্ত্র বিপুল পরিমাণে উৎপাদন করতে পারবে। এতদিন পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্রের নকশা ও গবেষণার কাজ মূলত ডিআরডিও-র ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ ছিল। নতুন নির্দেশের ফলে প্রয়োজনীয় যোগ্যতা, লাইসেন্স ও নিরাপত্তা মান বজায় রেখে যেকোনো যোগ্য ভারতীয় সংস্থা এই মিসাইল উৎপাদনের অধিকার পাবে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বড় সংস্থাসমূহের পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোও (MSME) যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহের বিশাল সুযোগ পাবে। এতে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই উদ্যোগ জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করার পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে।