অবশেষে বাংলায় আসছে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয়! কোথায় হচ্ছে জানেন?
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থার মানোন্নয়নে এবং কৃষকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবার রাজ্যে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে নদীয়ার এবং কোচবিহারে দুটি কৃষি বিশ্ববিদ্যালয় চালু থাকলেও, খরাপ্রবণ পশ্চিমাঞ্চলের জেলাগুলির কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতির কথা মাথায় রেখে এই নতুন প্রস্তাব পেশ করা হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার মতো বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের উন্নত গবেষণামূলক ও কারিগরি সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সপ্তাহে দিল্লির কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জমা দেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট জমি প্রদান করা হলে সম্পূর্ণ কেন্দ্রীয় খরচে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে বলে সরকারি সূত্রে জানা গেছে। গোটা বিষয়টি ইতিবাচকভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। একইসঙ্গে, মেদিনীপুরের বাদাম গবেষণা কেন্দ্রের আধুনিকীকরণ এবং পশ্চিমবঙ্গে সামগ্রিক কৃষি গবেষণার সুযোগ বৃদ্ধিরও জোরালো আরজি জানিয়েছে রাজ্য।