বড় স্বস্তি! আরও ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোণঠাসা প্রশাসন?
বার্তা ডেস্কঃ
কলকাতা: আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, এই বিশেষ মামলাগুলিতে সাংসদকে হেপাজতে নিয়ে জেরা করার কোনো প্রয়োজন নেই। তবে আদালতের এই নির্দেশের পাশাপাশি তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তদন্তকারী সংস্থা তলব করলে তাঁকে হাজিরা দিতে হবে, তবে তার জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। আদালতের এই রায় প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হাইকোর্টের এই নির্দেশ অনুযায়ী, যদি সাংসদ তদন্তে কোনোভাবে অসহযোগিতা করেন, তবে রাজ্য সরকার সরাসরি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে মোট ১৬টি মামলার মধ্যে এই নিয়ে মোট ৮টি মামলায় আইনি সুরক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলায় এই রক্ষাকবচ মেলায় আইনি লড়াইয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছেন তিনি। পরবর্তী শুনানিতে এই মামলাগুলির গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।